নৌযান শ্রমিকদের বেতনভাতা বৃদ্ধি, নিরাপত্তা, নৌপথে চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে চাঁদপুরে চলছে শ্রমিকদের কর্মবিরতি। এতে করে বিপাকে পড়েছেন লঞ্চে যাতায়াতকারী সাধারণ মানুষ।
১১ দফা দাবি পূরণের লক্ষ্যে সোমবার রাত ১২টা থেকে নৌ শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। কর্মবিরতি চলায় চাঁদপুর থেকে ছেড়ে যায়নি কোনো যাত্রীবাহী লঞ্চ। এতে ভোগান্তিতে পড়েছে জনসাধারণ। বিশেষ করে চাঁদপুর ও দক্ষিণাচঞ্চলের লক্ষীপুর, রায়পুর, নোয়াখালীসহ বেশকিছু এলাকার মানুষ চাঁদপুর-ঢাকা-নারায়নগঞ্জ নৌরুটে লঞ্চে যাতায়াত করে। লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা থেকে আসা আ. রশিদ বলেন, “আমি পয়লা বৈশাখের ছুটিতে বাড়ি আসি। আজকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেও লঞ্চ না চলায় বিপাকে পড়েছি।”
লক্ষীপুর জেলা থেকে আসা হেলাল উদ্দিন বলেন, “ভোরে রওনা হয়ে পরিবারসহ আমি চাঁদপুর লঞ্চঘাটে আসি। কিন্তু এখানে এসে দেখছি লঞ্চ চলাচল করছে না। লঞ্চ চলাচল বন্ধের বিষয়টি আগে থেকে জানা ছিল না।”
এ ব্যাপারে চাঁদপুর বন্দর কর্মকর্তা আ. রাজ্জাক বলেন, কেন্দ্রীয় কর্মসূচির আওতায় নৌযান শ্রমিকরা তাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে কর্মবিরতি পালন করছেন। সোমবার রাত ১২টার পর থেকে চাঁদপুর থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। এতে করে ঢাকা ও নারায়ণগঞ্জগামী যাত্রীদের একটু ভোগান্তিতে পড়তে হচ্ছে। আশা করি অতিদ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে।