ইংল্যান্ড ও ওয়েলসে হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেটের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হয়েছে মঙ্গলবার। ১৫ সদস্যের দলে সুযোগ পাওয়াদের মধ্যে আট ক্রিকেটার ছিলেন ২০১৫ বিশ্বকাপের দলেও। বাকি সাত ক্রিকেটার প্রথমবার সুযোগ পেলেন ওয়ানডে বিশ্বকাপের দলে। যে তালিকায় রয়েছেন মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজের মতো তারকাও।
বিশ্বকাপে বাংলাদেশের দলটা কেমন হবে অনেক আগেই তার একটা ধারণা পাওয়া গিয়েছিল। গেল কিছুদিন নিয়মিত খেলা তারকারাই সুযোগ করে নিয়েছে বিশ্বকাপের স্কোয়াডে। একমাত্র চমক বলতে আবু জায়েদ রাহি। এখনো ওয়ানডে অভিষেক না হলেও ৫টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলে ফেলেছেন তিনি।
প্রথমবারের মতো এবার বিশ্বকাপে সুযোগ পাওয়া তারকারা হলেন- মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও আবু জায়েদ রাহি।
গত বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন, এবারো আছেন এই তালিকায় রয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ ও রুবেল হোসেন।
এদের মধ্যে টানা চার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ২০০৭ বিশ্বকাপ থেকে প্রতিটি আসরেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন এই তিনজন। মাশরাফী মাঝের ২০১১ বিশ্বকাপে খেলেননি। তবে তারও এটি চতুর্থ বিশ্বকাপ। তিনি ছিলেন ২০০৩ বিশ্বকাপের দলেও।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:
মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ চৌধুরী।