ময়মনসিংহে বিনা ভোটে মেয়র হচ্ছেন আওয়ামী লীগের টিটু

প্রথম সিটি নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আহমেদ প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় বিনা ভোটে ময়মনসিংহের মেয়র হচ্ছেন আওয়ামী লীগের টিটু।

এর আগে জাল স্বাক্ষর করে প্রতারণা ও জালিয়াতির কারণে অপর তিন মেয়র প্রার্থী নিজেদের প্রার্থিতা হারান। বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেও তারা প্রার্থিতা ফিরে পাননি।

শেষ পর্যন্ত মাঠে দুজন থাকলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদও নিজেকে সরিয়ে নেওয়ায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু বিনা ভোটেই মেয়র হতে যাচ্ছেন।

সংবাদ সম্মেলন জাহাঙ্গীর আহমেদ জানান, ইকরামুল হক টিটুকে সমর্থন দিয়ে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন।

এদিকে, কেন জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এ নিয়ে নগরজুড়ে চলছে নানা রকম জল্পনা-কল্পনা। সেই প্রেক্ষিতে দেশ রূপান্তর কথা বলেছে স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে।

তারা জানিয়েছেন, আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ময়মনসিংহ-৪ (সদর) আসন। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতায় এখানে প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। দুইবারই জিতেছেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। বিশেষ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেওয়ায় সেই নির্বাচনে দলটির শক্তিশালী প্রার্থী আবু ওয়াহাব আকন্দকে পরাজিত করতে প্রভাবকের ভূমিকা পালন করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখেই জাতীয় পার্টির প্রার্থী আসন্ন সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

মঙ্গলবার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনেও এ কথা জানিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আহমেদ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ইকরামুল হক টিটুকে নৌকার প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। সে জন্য প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে ও মহাজোটের স্থানীয় রাজনীতির সহাবস্থানের প্রতি সমর্থন জানিয়ে আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম।

সংবাদ সম্মেলনে জেলা জাতীয় পার্টির সহসভাপতি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, আব্বাস উদ্দিন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আহমেদের সংবাদ সম্মেলন শেষে কিছুক্ষণের মধ্যেই সবাইকে চমকে দিয়ে সেখানে উপস্থিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু। তার সঙ্গে আসেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমসহ দলটির শীর্ষ নেতারা।

এ সময় ইকরামুল হক টিটু দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রওশন এরশাদকে বিজয়ী করতে আওয়ামী লীগের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, বিগত দু’টি নির্বাচনে রওশন এরশাদকে আমরা আওয়ামী লীগ পরিবার ও জাতীয় পার্টির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিজয়ী করেছি।

তিনি বলেন, বিরোধী দলের উপনেতার ইচ্ছা অনুযায়ী ময়মনসিংহকে একটি মডেল নগরী হিসেবে গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাব। রওশন এরশাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমার সমর্থনে জাহাঙ্গীর আহম্মেদ প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।