আনকাট সেন্সর পেল ‘আবার বসন্ত’, ঈদে মুক্তি

‘জীবনের উজ্জ্বল বসন্তগুলো আমার সন্তানদের দিয়েছি। এই শেষ বসন্তে এসে কেন আমি নিজের মতো করে বাঁচতে পারব না?’ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জীবনের ৬০টি বসন্ত পেরিয়ে আসা এক বৃদ্ধের এই আকুতি মনে দাগ কেটে যায়। ২৫ বছর বয়সী অর্চিতা স্পর্শিয়ার সঙ্গে প্রেমের কারণে ষাটোর্ধ্ব তারিক আনাম খানকে নাজেহাল হতে হয় পরিবারে, শেষ পর্যন্ত মামলা গড়ায় আদালতে। কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের কাছে নিজের একাকিত্বের গল্প বলে জানতে চান, কেন তিনি নিজের মতো করে বাঁচতে পারবেন না। আর এই ঘটনার বর্ণনা পাওয়া যায় অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ ছবির ট্রেলারে।

এখন আর ট্রেলার নয়, শিগগিরই পুরো ছবিটিই দেখতে পারবেন দর্শকেরা। পরিচালক অনন্য মামুন দেশ রূপান্তরকে জানান, ‘ছবিটি আজ আনকাট সেন্সর পেয়েছে।’

এদিকে সেন্সর বোর্ড সদস্যদের প্রশংসাতে বেশ উচ্ছ্বসিত মামুন। তিনি বলেন, ‘আমার চোখে পানি খুব কম আসে, কিন্তু আজ একটা সুখবরে চোখে পানি আসলো.সেন্সর বোর্ডের একজন মেম্বার "আবার বসন্ত " দেখে বলল তার জীবনে দেখা বেষ্ট সিনেমা।’

কবে মুক্তি পাবে জানতে চাইলে অনন্য মামুন বলেন, ‘এবারের ঈদেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। আশা করছি সময় মতোই ছবিটি দেখতে পাবে দর্শক।’

উল্লেখ্য, পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্যও তিনি নিজেই লিখেছেন। ‘আবার বসন্ত’ ছবিতে তারিক আনাম-স্পর্শীয়া ছাড়াও আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, ইমতু রাতিশ, মুকিত, আনন্দ খালিদসহ অনেকেই। ছবিটি প্রযোজনা করেছে ট্যাম মাল্টিমিডিয়া। ডিজিটাল পার্টনার লাইভ টেকনোলজিস লিমিটেড।