লন্ডনের রাস্তায় গত কয়েক দিন ধরে জলবায়ু পরিবর্তন ইস্যুতে বিক্ষোভরত শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। বিক্ষোভকারীরা শহরের প্রধান প্রধান সড়ক ও সেতু অবরোধ করে ভয়াবহ যানজট সৃষ্টি করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
গ্রেপ্তারের পরও বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা। সংগঠিত বিক্ষোভকারী দল এক সপ্তাহ ধরে লন্ডনের রাস্তায় বিক্ষোভ করে আসছে। তারা বলছে, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে সরকার।
গত সোমবার বিক্ষোভকারীরা টেমস নদীর ওপর নির্মিত ওয়াটার লু সেতু, অক্সফোর্ড সার্কাস ইন্টারসেকশন ও পার্লামেন্ট স্কয়ার অবরোধ করে রাখে। তারা বিশ্বের নামকরা তেল কোম্পানি শেলের সদর দপ্তরেও ভাঙচুর চালায়। ওই বিক্ষোভে কয়েক ঘণ্টা অচল হয়ে যায় লন্ডন।