চট্টগাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, নাগরিকদের সেবা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য রাজস্ব আদায় ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই। বাস্তবতাকে অনুধাবন করে নাগরিকদের নিয়মিত পৌরকর পরিশোধ করা আবশ্যক।
মঙ্গলবার চট্টগ্রাম শপিং কমপ্লেক্স এলাকায় হোল্ডিং ট্যাক্স আদায় পক্ষ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
নাছির বলেন, ‘নাগরিকরা পানি, বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য সুবিধার জন্য যেভাবে বিল পরিশোধ করে সেবা পেয়ে থাকেন, ঠিক একইভাবে চসিকের পৌরকর পরিশোধ করে নাগরিক সেবা গ্রহণ করতে হবে। সরকারি-বেসরকারি মিলে যে ট্যাক্স সিটি করপোরেশন পায়, তা দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা হয় না। তারপরেও চসিক পরিচালিত শিক্ষাখাতে ৪৩ কোটি টাকা, স্বাস্থ্যখাতে ১৩ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে চসিক।’
চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় কাউন্সিলর গিয়াস উদ্দিন, শাহেদ ইকবাল বাবু, কফিল উদ্দিন খান, জেসমিন পারভীন প্রমুখ বক্তব্য রাখেন। চসিকের ৮টি সার্কেলে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত হোল্ডিং ট্যাক্স আদায় পক্ষ চলবে।