ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার দ্রুত রায় চেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এজন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে কমিশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানান তিনি।
কাজী রিয়াজুল হক বলেন, ‘শিশু রাজন, রাকিব হত্যার ক্ষেত্রে পুলিশ দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়ায় আদালত দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দিতে সক্ষম হয়েছিল। আমরা নুসরাতের ক্ষেত্রেও সেটা দেখতে চাই। নুসরাত হত্যার বিষয়ে যেসব তথ্য-প্রমাণ রয়েছে, তাতে মনে করি দ্রুত সময়ের মধ্যেই পিবিআই তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারবে।’
নুসরাত হত্যার ‘হোতা’ সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা প্রসঙ্গে তিনি বলেন, ‘তদন্তে উঠে এসেছে তার বিরুদ্ধে ১৯৯৫ সাল থেকে এ রকম নানা অপরাধে একাধিক মামলা হয়েছে। সে জেলও খেটেছে। এমন জঘন্য চরিত্রের লোককে কীভাবে অধ্যক্ষ হিসেবে চাকরি দেওয়া হলো, তা বোধগম্য নয়।’ অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে স্থানীয় প্রশাসন ও মাদ্রাসার পরিচালনা কমিটি যথাযথ ব্যবস্থা নিলে নুসরাতের নৃশংস হত্যাকাণ্ড এড়ানো যেত বলেও মন্তব্য করেন তিনি। নুসরাত হত্যার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে। পাশাপাশি সাত দফা সুপারিশ পেশ করা হয়।