সব অনুরোধ উপেক্ষা করে ভারতে বন্ধ করা হয়েছে ভিডিও বানানোর তুমুল জনপ্রিয় অ্যাপ টিকটক। ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশে গুগল মঙ্গলবার বিকেলের দিকে এই অ্যাপটি ব্লক করে দেয়।
টিকটকের বিরুদ্ধে প্রথম সরব হয় মাদ্রাজ হাই কোর্ট। বিচারক অ্যাপটি নিষিদ্ধ করার নির্দেশ দেন। এই নির্দেশের ওপর স্থগিতাদেশের আবেদন করা হলে সুপ্রিম কোর্ট তা অস্বীকার করে। সর্বোচ্চ আদালতের এই নির্দেশের পর মন্ত্রণালয় থেকে গুগল এবং অ্যাপলকে অ্যাপটি ভারতে ব্লক করতে বলা হয়।
শুধু ভারত নয়; টিকটকের বিরুদ্ধে বেশ কয়েকটি দেশের অভিযোগ আছে। চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের এই অ্যাপটির বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের অভিযোগ অনেক আগে থেকে।
বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার একবার বলেন, বাংলাদেশে তিনি এই অ্যাপটি বন্ধ করতে চান।
যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম মিরর ফেব্রুয়ারিতে তাদের এক নিজস্ব অনুসন্ধানে জানায়, এই অ্যাপ স্কুলপড়ুয়া কিশোরীদের যৌনবিষয়ক শিকারে পরিণত করছে!
অ্যাপ ব্লক করার বিষয়ে গুগল বিস্তারিত কিছু বলতে রাজি হয়নি। ছোট এক বিবৃতিতে তারা জানিয়েছে, স্থানীয় আইন তারা সব সময় মেনে চলে।
মন্ত্রণালয়ের নির্দেশের পর টিকটক থেকে অ্যাপটি ব্লক না করতে ভারত সরকারকে অনুরোধ জানানো হয়। অনুরোধে কাজ না হলে নিষেধাজ্ঞার বিরুদ্ধে তারা চ্যালেঞ্জও জানায়।
অ্যাপটি ভারতে কতটা জনপ্রিয়, সেটি বোঝা যায় একটি পরিসংখ্যান থেকে। অ্যাপ বিশ্লেষণ প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার ফেব্রুয়ারিতে জানায়, ভারতে ২৪০ মিলিয়ন বার এই অ্যাপটি ডাউনলোড করা হয়েছে।