বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ লাওস

কাতার বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে লাওসকে পাচ্ছে বাংলাদেশ। বুধবার সকালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে লটারির মাধ্যমে নির্ধারিত হয় ফিফা র‌্যাংকিংয়ে এশিয়ার নিচের সারির ১২ দেশের ভাগ্য। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে ওঠে লাওসের নাম।

লটারিতে বাংলাদেশ এবং লাওস ছাড়াও ছিল মালয়েশিয়া, কম্বোডিয়া, ম্যাকাও, ভুটান, মঙ্গোলিয়া, গুয়াম, ব্রুনাই, তিমুর, পাকিস্তান ও শ্রীলংকা। 'এ' ও 'বি' দুই পটে রেখে ভাগ করা হয়েছে কাদের বিপক্ষে খেলবে কারা। পট ‘এ’ তে ছিল মালয়েশিয়া, কম্বোডিয়া, ম্যাকাও, লাওস, ভুটান ও মঙ্গোলিয়া। পট ‘বি’ তে ছিল বাংলাদেশ, গুয়াম, ব্রুনাই, তিমুর, পাকিস্তান ও শ্রীলংকা।

ফিফার সর্বশেষ র‌্যাংকিংই ঠিক করে দিয়েছে কাতার বিশ্বকাপের বাছাইয়ের প্রথম পর্বই খেলতে হচ্ছে বাংলাদেশকে। সর্বশেষ র‌্যাংকিংয়ে এশিয়ায় বাংলাদেশের অবস্থান ৪১ নম্বরে।

এই বিশ্বকাপ বাছাইয়ে প্রথম পর্বে পার হতে না পারলে বঞ্চিত হতে হবে বাংলাদেশকে। তখন ফিফা ও এএফসি আয়োজিত কোন প্রতিযোগিতায় থাকতে পারবে না তারা। তেমন হলে ফিফা প্রীতি ম্যাচই খেলে যেতে হবে শুধু।

তবে লাওসের সঙ্গে ম্যাচ থাকায় বাংলাদেশ ভালো কিছুর আশা করতেই পারে। কারণ অতীত অভিজ্ঞতা খারাপ নয় তাদের। এই তো গত বছর সিলেটে বঙ্গবন্ধু গোল্ডকাপে বিপলু আহমেদের একমাত্র গোলে লাওসকে হারিয়েছিলো লাল-সবুজরা। এছাড়া অ্যান্ড্রু ওর্ডের সময় লাওসের মাঠে পিছিয়ে থেকে ২-২ গোলে ড্র করেছিল তারা।

আগামী ৬ জুন বাছাইয়ের প্রথম লেগ; দ্বিতীয় লেগ ১১ জুন।