বিশ্বকাপের দলে ডাক পাওয়ার পরের দিনই ব্যাটিংয়ে নৈপুণ্য দেখালেন সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগের ম্যাচে আবাহনীর হয়ে দাপুটে অর্ধশতক হাঁকিয়েছেন তারা।
তিন অর্ধশতকে চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিংয়ের বিপক্ষে বুধবার সাভারে বিকেএসপির তিন নম্বর স্টেডিয়ামে তিনশো ছাড়ানো সংগ্রহ পেয়েছে আবাহনী।
সর্বোচ্চ রান এসেছে তিন নম্বরে নামা সাব্বিরের ব্যাট থেকে। তার ৫৩ বলের ৬৪ রানের ইনিংসটিতে রয়েছে পাঁচ চার ও চার ছক্কার মার।
মারমুখী ছিলেন ছয় নম্বরে নামা মিঠুন। ৫২ বলে ছয় চার ও দুই ছক্কায় করেছেন ৫৬ রান। শেখ জামালের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর এক ম্যাচ পরেই অধর্শতকের দেখা পেয়েছেন মোসাদ্দেক। দাপটের সঙ্গে ব্যাট চালিয়েছেন তিনি। ৫৭ বলে পাঁচ চার ও এক ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন মিডল অর্ডারের এই ব্যাটার।
রান পেয়েছেন বিশ্বকাপ দলের আরেক সদস্য মোহাম্মদ সাইফউদ্দিনও। ৩৫ বলে ৪১ রানে অপরাজিত থাকেন তিনি। তিন অর্ধশতক ও সাইফউদ্দিনের ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত ৫০ ওভার শেষে আবাহনীর রান দাঁড়ায় ৭ উইকেটে ৩০৪।