কুমিল্লায় প্রত্নতত্ত্বের বেহাল দশা জানালেন এলিজা

কুমিল্লায় প্রত্নতত্ত্বের বেহাল দশা তুলে ধরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন প্রত্নতত্ত্ব গবেষক লেখক ও ভ্রমণ কন্যা এলিজা বিনতে এলাহী।

বুধবার বাংলাদেশ হেরিটেজ গবেষণা সংস্থা কোয়েস্ট এর উদ্যোগে নগরীর ঝাউতলা এলাকায় সামাজিক উন্নয়ন সংস্থা দর্পণের কার্যালয়ে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার সহকারী অধ্যাপক এলিজা এ পর্যন্ত ৪৫টি জেলার প্রত্নতাত্ত্বিক তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করেছেন। পর্যায়ক্রমে দেশের সকল জেলার প্রত্নতত্ত্বের তথ্য এবং স্থির ও ভিডিও চিত্র সংগ্রহ করে দেশ বিদেশে প্রচার প্রচারণা শুরু করবেন।

এ সময় ঐতিহ্যের চারণ ভূমি কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণ ও পর্যটনের অপার গুরুত্ব তুলে ধরেন এলিজা বিনতে এলাহী।

তিনি বলেন, কুমিল্লা জেলাটি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনে ভরপুর সমৃদ্ধ একটি জেলা। কিন্তু যথাযথ উদ্যোগ ও প্রয়োজনীয় রাস্তা-ঘাট এবং প্রচারের অভাবে এ জেলার প্রত্নতত্ত্ব দেশ-বিদেশের পর্যটকদের কাছে আকর্ষণীয় হচ্ছেনা। তিনি কুমিল্লার প্রত্নতত্ত্ব নিয়ে একটি মেলার আয়োজন করার উদ্যোগ নেবেন বলে জানান।

শিক্ষা ছুটিতে থাকা নেদারল্যান্ডসের দ্য হেগ ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সে অধ্যয়নরত এই পর্যটকের গবেষণার বিষয়ও ‘বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশে হেরিটেজ টুরিজমের গুরুত্ব’। বাংলাদেশ ছাড়াও তিনি এশিয়া ও ইউরোপের ৪৬টি দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সরেজমিন দেখে তথ্য সংগ্রহ করেছেন।