পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু

শরীয়তপুর সদর উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার তুলাসার ইউনিয়নের বাইশরশি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। পরিবারে চলছে শোকের মাতম।

নিহতরা হলো- উপজেলার তুলাসার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাইশরশি গ্রামের আব্দুল করিম বেপারীর ছেলে তাহসিন (৫) ও আবুল বাশার বেপারীর ছেলে তামজিদ (৬)। নিহত দুইজন সম্পর্কে চাচাতো ভাই। শিশু দুইজন ৪৩ নং বাইশরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র।

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, সদর উপজেলার বাইশরশি গ্রামের তাহসিন ও তামজিদ বুধবার বেলা আড়াইটার দিকে বাড়ির পূর্ব পাশের পুকুরে গোসল করতে যায়। তখন ওই পুকুরের পানিতে তাহসিন হাবুডুবু খেতে থাকলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। পরে তামজিদকে উদ্ধার করে। আহত অবস্থায় দুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন।

নিহত তাহসিনের মা তানিয়া আক্তার গুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।