ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

পাবনার আমিনপুরে সিএনজি অটোরিকশা চালক ও তার সহযোগী কর্র্তৃক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই ধর্ষণে ব্যর্থ হয়ে এক স্কুলছাত্রীকে (১৩) ছুরিকাঘাত করেছে মুখোশধারী দুই যুবক।

গত মঙ্গলবার জেলার চাটমোহর উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীরা জানায়, ওই স্কুলছাত্রী বোয়ালিয়া গ্রামে নানার বাড়ি থেকে পড়াশোনা করে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

আহত স্কুলছাত্রী জানায়, মঙ্গলবার বিকেলে তার নানা বাইরে কাজে যায় এবং নানি পাশের মাঠে ছাগল আনতে যাওয়ার পর বাড়ি আসতে দেরি হয়। এ সময় বাড়িতে একা পেয়ে মুখোশধারী দুই যুবক ঘরে প্রবেশ করে তাকে বেঁধে ধর্ষণের চেষ্টা চালায়। স্কুলছাত্রী চিৎকার শুরু করলে ব্যর্থ হয়ে তার দুই হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। চাটমোহর থানার ওসি শেখ নাসীর উদ্দিন বলেন, পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।