মৌলভীবাজারে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু হয়েছে। গতকাল বুধবার এম সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ নেছার আহমদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক ভূঞাসহ অন্যরা। এ উপলক্ষে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন।