কারাগারে সুদানের সাবেক প্রেসিডেন্ট

সুদানে ব্যাপক আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল বশিরকে গত মঙ্গলবার সন্ধ্যায় খার্তুমের কোবার কারাগারে পাঠানো হয়েছে। কারাগারটিতে অতিরিক্ত পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

গত বৃহস্পতিবার সুদানের রাষ্ট্রক্ষমতা সেনাবাহিনী দখল করার পর থেকে প্রেসিডেন্ট বশিরের সন্ধান পাওয়া যাচ্ছিল না। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছিল, বশিরকে নিরাপদ স্থানে রাখা হয়েছে। এদিকে গতকাল বুধবারও খার্তুমে সেনা সদর দপ্তরের বাইরে বিক্ষোভকারীরা বিক্ষোভ করে। দ্রুত বেসামরিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের দাবিতে অনড় বিক্ষোভকারীরা দুই সপ্তাহ ধরে আন্দোলন করছে।

আন্দোলনকারী ফাইদা খালাফ বার্তা সংস্থা এএফপিকে জানান, ‘আমাদের ওপর কাঁদানে গ্যাস প্রয়োগ করা হচ্ছে।’