সীতাকুণ্ডে অপহরণ করে টাকা দাবি আটক ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে গত মঙ্গলবার রাতে এক স্ক্র্যাপ (পুরনো লোহা) ব্যবসায়ীকে মোবাইল ফোনে ডেকে আটকে রেখে আপত্তিকর ছবি তুলতে বাধ্য করে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়ার ঘটনা ঘটেছে। মুক্তিপণ না পেলে ছবি পরিবারের কাছে ও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় অপহরণের শিকার ব্যবসায়ীকে উদ্ধার ও অপহরণ চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম ইকবাল হোসেন (২৬)। তিনি সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মো. ছবিরের ছেলে। অপহরণের শিকার ব্যবসায়ীর (৩৪) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায়।

ঘটনার বিবরণে জানা যায়, জাহাজের কিছু কাটা লোহা জরুরি ভিত্তিতে কম মূল্যে বিক্রি করবে জানিয়ে ভাটিয়ারী স্টিলের সামনে ওই ব্যবসায়ীকে আসতে বলা হয়। সেখানে উপস্থিত হলে তাকে স্ক্র্যাপ দেখানোর কথা বলে ইকবালের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রেখে এক নারীসহ (২২) আরও তিনজন অস্ত্রের মুখে বিভিন্ন আপত্তিকর ছবি তুলতে বাধ্য করে। পরে ওঠানো ছবি পরিবারের কাছে ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবি করে এবং টাকা না পেলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার এস আই সুজায়েত বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।