ঝোড়ো ফিফটি তুলে নিলেন ডেভিড ওয়ার্নার। আরেক ওপেনার জনি বেয়ারস্টো ফিফটি তুলে অপরাজিত থাকলেন। তার আগে বল হাতে আলো কাড়লেন রশিদ খান। এই তিনের নৈপুণ্যে চেন্নাই সুপার কিংসকে হারাল সানরাইজার্স হায়দরাবাদ।
বুধবার চেন্নাইকে ৯ উইকেটে হারায় হায়দরাবাদ। প্রতিপক্ষের মাঠে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া খেলতে নামা চেন্নাই। ৫ উইকেটে ১৩২ রান তুলে দলটি।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৬ রান যোগ করেন ওয়ার্নার ও বেয়ারস্টো। ওয়ার্নার ২৫ বলে ১০ চারে ৫০ রান করে ফেরেন। পরে আরো চারটি উইকেট হারায় হায়দরাবাদ। তবে অপরাজিত ৬১ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন বেয়ারস্টো। ৪৪ বলের ইনিংসে ৩টি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন তিনি।
এবারের আসরে ওয়ার্নারের এটি পঞ্চম ফিফটি। রয়েছে একটি সেঞ্চুরিও। বেয়ারস্টোরও রয়েছে একটি সেঞ্চুরি। তবে ফিফটি পেলেন এদিনই প্রথম। চেন্নাইয়ের পক্ষে সর্বাধিক ২ উইকেট নিয়েছেন ইমরান তাহির।
এর আগে হায়দরাবাদের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন ফ্যাফ ডু প্লেসি। ৩১ রান আসে শেন ওয়াটসনের ব্যাট থেকে। অম্বতি রাইডু অপরাজিত ছিলেন ২৩ রানে। ধোনির পরিবর্তে চেন্নাইকে নেতৃত্ব দেওয়া সুরেশ রায়না করেন ১২ রান।
হায়দরাবাদের পক্ষে রশিদ খান ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। এদিনও সাকিব আল হাসানকে ছাড়াই খেলেছে দলটি। ম্যাচসেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার।