নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আটক এক তরুণকে ছাড়িয়ে আনতে গিয়ে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। গতকাল বুধবার বেলা ১১টার দিকে গোপালদী পুলিশ তদন্তকেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা সুজয় সাহাসহ দুজনকে আটক করেছে।
মারধরের শিকার পুলিশ সদস্যরা হলেনÑ গোপালদী পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) মো. মামুন এবং কনস্টেবল ইমরান ও বাশার। তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদ্রাসায় আসা-যাওয়ার পথে মেয়েদের উত্ত্যক্তের অভিযোগে গোপালদী বাজারের কলেজ রোড থেকে দিদার ইসলাম নামে এক তরুণকে আটক করে পুলিশ। এ খবর পেয়ে গোপালদী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজয় সাহা তাকে ছাড়িয়ে আনতে গোপালদী তদন্তকেন্দ্রে যান। এ সময় পুলিশ দিদারকে ছাড়তে অস্বীকৃতি জানালে সুজয় পুলিশ সদস্যদের গালিগালাজ শুরু করেন। তখন এটিএসআই মামুন প্রতিবাদ করলে সুজয় ক্ষিপ্ত হয়ে তাকে মারধর শুরু করেন। এ সময় সুজয় মোবাইল ফোনে খবর দিলে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা এসে পুলিশের ওপর হামলা চালায়। পরে আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে সুজয় ও দিদারকে আটক করে থানায় নিয়ে আসেন।
হামলার শিকার এটিএসআই মামুন দেশ রূপান্তরকে বলেন, ‘মাদ্রাসায় আসা-যাওয়ার সময় মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে দিদারের বিরুদ্ধে। তাকে স্থানীয় ফাজিল মাদ্রাসার সামনে থেকে আটক করা হয়। পরে সুজয় তাকে ছাড়িয়ে নিতে ফাঁড়িতে এসে আমার সঙ্গে বাকবিত-ায় জড়িয়ে পড়ে এবং হামলা চালায়।’