নড়াইলে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নড়াইল পৌরসভার বেনাডোব গ্রামে শম্পা (২৬) নামে এক গৃবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শম্পার ভাই মনির মোলা জানান, লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের ব্রহ্মনীনগর গ্রামের ফসিয়ার মোল্যার মেয়ে শম্পার সাথে ৮ বছর আগে নড়াইল পৌরসভার বেনাডোব এলাকার  আফসার শেখের ছেলে মুসাম শেখের বিয়ে হয়। তাদের সংসারে দুই কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে ফাহিমার বয়স ৪ বছর এবং ছোট মেয়ে মাহিয়ার বয়স দেড় বছর।

শম্পার চাচা মো. শামীম মোল্যা বলেন, “বুধবার রাত ১টার দিকে ফোন করে আমাদের জানানো হয়েছে যে শম্পা মারা গেছে। আমরা খবর শুনে গিয়ে দেখতে পাই শম্পার কান দিয়ে রক্ত ঝরছে এবং গলায় দাগ। আমাদের ধারণা পারিবারিক কলহের কারণে শম্পাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা সঠিক তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

শম্পার চাচা শ্বশুর মুক্তার শেখ দাবি করেন, “আমার ভাইয়ের ছেলে মুসাম রূপগঞ্জ বাজারে একটি পোলট্রির দোকানে কাজ করে। রাতে বাড়িতে গিয়ে দেখতে পান বসন্ত রোগে আক্রান্ত তার ছোট মেয়েকে ডাল দিয়ে ভাত খাওয়াচ্ছে। এ সময় রাগারাগি করে তার স্ত্রীকে মরতে বলে। এতে অনুরাগে রাতেই বাড়ির পাশের লিচু গাছের সঙ্গে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে।”

নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী বাবুল হোসেন বলেন, “রাতে খবর শোনার পর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। সুরতহাল প্রতিবেদন শেষে মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনের জন্য মৃতদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ব্যাপারে সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।”