ভিএআর সিদ্ধান্ত দুটি ছিল নিষ্ঠুর: গুয়ার্দিওলা

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে টটেনহ্যাম হটস্পারের কাছে হেরে বিদায় নিলেও দলের খেলায় খুশি ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিংয়ে (ভিএআর) নিজেদের বিরুদ্ধে যাওয়ায় দুটি সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেছেন স্প্যানিশ এই কোচ। ব্যাপারটিকে নিষ্ঠুর বললেন তিনি।

বুধবার ক্লাব পর্যায়ে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে সাত গোলের লড়াইয়ে ৪-৩ গোলে জয় পায় সিটি। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৪-৪। প্রতিপক্ষের মাঠে গোল করায় সুবিধা নিয়ে শেষ চারের টিকেট পায় টটেনহ্যাম।

মাত্র ২১ মিনিটের মধ্যে ৫ বার বল ঢুকেছে ম্যানসিটি ও টটেনহামের জালে। বিরতির পর সের্হিও আগুয়েরোর গোলে দুই লেগের অগ্রগামিতায় এগিয়ে যায় সিটিজেনরা। কিন্তু এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ভিএআর।

হ্যান্ডবলের অভিযোগে টটেনহামের ফের্নান্দো লরেন্তের গোলটি যাচাই করতে হয় ভিএআরে। সিদ্ধান্ত যায় স্পারদের পক্ষে। ওই লক্ষ্যভেদে অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে এগিয়ে যায় স্পাররা। এরপর ইনজুরি সময়ের চতু্র্থ মিনিটে রহিম স্টারলিং গোল করলে সেমি-ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলে সিটি। কিন্তু ভিএআরে দেখা যায় অফসাইডে ছিলেন দলটির আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরো।

ভিএআরের কারণে চ্যাম্পিয়নস লিগ থেকে এভাবে ছিটকে পড়া কোনোভাবে মেনে নিতে পারছেন না গুয়ার্দিওলা- “প্রথম ২০ মিনিটে স্কোর ছিল ৩-২। ২০ মিনিটে ৫ গোল মোটেও স্বাভাবিক নয়। আমরা আমাদের গোল করেছিলাম, কিন্তু তারপর ভিএআর বাকি কাজ করলো।”

“হ্যান্ডবল হয়েছিল কয়েক ইঞ্চি ব্যবধানে। অন্যটা (স্টারলিংয়ের বাতিল গোল) ছিল অফসাইড। আমি ভিএআরকে সমর্থন দেই, কিন্তু একপাশ থেকে হয়তো ফের্নান্দো লরেন্তের গোল ছিল হ্যান্ডবল, হয়তো রেফারির পাশ থেকে নয়। এটা ছিল নিষ্ঠুর। সেমি-ফাইনালের খুব কাছে ছিলাম আমরা, উদযাপনের ‍মুহূর্তে এমন সিদ্ধান্ত।”