রিয়াল নয়, ইউনাইটেডেই পগবার ভবিষ্যৎ দেখছেন সুলশার

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন পল পগবা। এমন খবর উড়িয়ে দিয়েছেন তার বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান কোচ ওলে গুনার সুলশার। ওল্ড ট্র্যাফোর্ডেই ফরাসি এই ফরোয়ার্ডের ভবিষ্যৎ দেখছেন তিনি।

গত মাসে ফের রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নেওয়ার পর স্বদেশী পগবাকে দলে টানার ইঙ্গিত দেন জিনেদিন জিদান। পগবার কণ্ঠেও শোনা যায় রিয়াল প্রীতির কথা।

পগবাকে নিয়ে সুলশার বলেন, “ক্লাবের সঙ্গে পগবার চুক্তির শর্ত আছে। এখানে অনেক বিষয়ই সামনে আসতে পারে। তাছাড়া তাঁর সঙ্গে যখন আমার কথা হয়েছে, তখন কোনো পার্থক্য চোখে পড়েনি। সে শুধু খেলায় মনোযোগী, নিজের সেরাটা দিতে চায়। একজন পেশাদার খেলোয়াড় হিসেবে আমি তাঁর জন্য গর্বিত।”

এবারের মৌসুমে ইউনাইটেডের হয়ে দারুণ ফর্মে আছেন পগবা। সব ধরনের প্রতিযোগিতায় করেছেন ১৪ গোল। এর মধ্যে প্রিমিয়ার লিগে করেছেন ১১টি গোল, অবদান রেখেছেন নয়টি গোলে।