টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় সালাহ

ফুটবলে মাঠে দ্যুতি ছড়ানোর পাশাপাশি নিজ দেশ ও মধ্য প্রাচ্যের সংস্কৃতি নিয়েও বেশ সচেতন মোহামেদ সালাহ। সোচ্চার নারী অধিকার নিয়েও। এসব কার্যক্রমের স্বীকৃতিও পেয়ে গেছেন এই ফুটবলার। টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ঠাঁই পেয়েছেন সালাহ।

যুক্তরাষ্ট্রের এই শীর্ষ ম্যাগাজিনের কাভার পেইজে যে ছয়জনের ছবি ছাপানো হয়েছে তাতে আছে সালাহর ছবিও। মেয়েদের সমঅধিকার নিয়ে টাইম ম্যাগাজিনকে একটি সাক্ষাৎকারও দিয়েছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।

নারী অধিকার নিয়ে সাক্ষাৎকারে সালাহ বলেছেন, “আমাদের সংস্কৃতিতে যেভাবে মেয়েদের দেখা হয়, সেটা পাল্টাতে হবে। এটা হতেই হবে, এর বিকল্প নেই।”

“মেয়েদেরকে আমি আগের চেয়েও বেশি সমর্থন দেই। কারণ আমি উপলব্ধি করি, এখন যেই অধিকারটুকু দেওয়া হয় তারা এর বেশি কিছু পাওয়ার দাবি রাখে।”

একশো প্রভাবশালীর তালিকায় আছেন কণ্ঠশিল্পী আরিয়ানা গ্রান্দে ও লেডি গাগা; আছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান, ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। আছেন সাবেক মার্কিন ফাস্ট লেডি মিশেল ওবামা।

এই ম্যাগাজিনে সালাহকে নিয়ে প্রতিবেদন লেখা ইংলিশ কমেডিয়ান জন অলিভার বলেন, “একজন ফুটবল খেলোয়াড়ের চেয়েও বড় ব্যাপার হচ্ছে মোহাম্মদ সালাহ একজন ভালো মানুষ; বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।”

“তিনি বিশ্ব জুড়ে একজন মিশরীয়, স্কাউসার্স (লিভারপুলের খেলোয়াড়), মুসলিমদের একজন আইকন, বিনয়ী, চিন্তাবিদ ও মজার মানুষ হিসেবে পরিচিত।”