রাজশাহীর পদ্মা টি-বাঁধ থেকে লাশ উদ্ধার

রাজশাহী মহানগরীর পদ্মা নদীর টি-বাঁধ এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার  বেলা সাড়ে ১১টার দিকে পানিতে ভাসমান অবস্থায় দামকুড়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের দুই পা দড়ি দিয়ে বাঁধা ছিলো।

মহানগরীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ শাহ জানান, সকালে পদ্মা নদীতে একজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে সেখানে পুলিশ গিয়ে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহটি উদ্ধার করে। এ সময় তার পরনে কালো ফুলপ্যান্ট ও সাদা ফুলহাতা শার্ট ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহে পচন ধরেছে। এ কারণে তার পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।

মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।