ফেরদৌসের পর নূরকে ভারত ছাড়ার নির্দেশ

পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (টিএমসি) হয়ে প্রচারণায় অংশ নেওয়ায় জি বাংলার জনপ্রিয় সিরিয়াল রানী রাসমনির রাজা চন্দ্রকে ভারত ছাড়ার নির্দেশ দিল ভারত। রাজা চন্দ্রে অভিনয় করা নূর একজন বাংলাদেশি নাগরিক। কিন্তু মডেল কোড অব কন্টাক্ট’ ভেঙে রাজনৈতিক দল তৃণমূলের প্রচারে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করে বিজেপি। সেই অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গাজী আব্দুল নূরকে দ্রুত ভারত ছাড়ার নির্দেশ দেয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

এদিকে বিদেশি নাগরিক হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কারণে জরিমানাও গুনতে হতে পারে গাজী আব্দুল নূরকে।

নূরের বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে ২০১৮ সালের জুলাইয়ে। ফলে অবৈধভাবে ভারতে অবস্থান করার কারণেও শাস্তির মুখে পড়তে পারেন এই অভিনেতা। যদিও নূর অবৈধভাবে ভারতে অবস্থান করার বিষয়টি অস্বীকার করেছেন।

নুরের বিরুদ্ধে ভারতীয় নির্বাচন কমিশনের অভিযোগ, তৃণমূল কংগ্রেস নেতা সাবেক পরিবহনমন্ত্রী মদন মিত্রের সঙ্গে রাম নবমীর (রামের জন্মদিন) মিছিলে হেঁটেছেন তিনি। একইসঙ্গে দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের হয়ে প্রচার করেন বলে অভিযোগ আসে ছোটপর্দার এই অভিনেতার বিরুদ্ধে। ওই প্রচারের ভিডিওকপি জমা পড়েছিল নির্বাচন কমিশনের দপ্তরে।

নুর জি বাংলার সিরিয়াল ‘করুণাময়ী রানি রাসমণি’তে রাজ চন্দ্রের ভূমিকায় অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। সেখানে তিনি বাণিজ্যিক ভিসায় গিয়েছিলেন অভিনয় করার জন্য।

উল্লেখ্য, এর আগে গত ১৬ এপ্রিল একই অভিযোগে জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌসের ভিসা বাতিল করে ভারত। তাকে কালো তালিকাভুক্ত করেও বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ১৬ এপ্রিল রাতেই ফেরদৌসকে বাংলাদেশে ফিরে আসতে হয়।