মাগুরা সদর উপজেলার রামাদারগাতি গ্রামে মহাজনী সুদের টাকা পরিশোধ করতে না পেরে সুব্রত প্রামাণিক (৩৫) নামে এক সবজি বিক্রেতা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
এ ঘটনায় অভিযুক্ত সুদ কারবারি নায়েবকে আটক করেছে পুলিশ।
সুব্রতের স্ত্রী পূর্ণিমা প্রামাণিক জানান, পার্শ্ববর্তী গোয়ালবাথান গ্রামের নায়েব আলীর কাছ থেকে বিভিন্ন সময়ে ৩০ হাজার টাকা ধার নেয় সুব্রত। যার বিপরীতে প্রতি সপ্তাহে ৩ হাজার টাকা সুদ দিতে হতো নায়েবকে। গত কয়েক সপ্তাহে সুদের টাকা শোধ দিতে না পারায় সুব্রতের কাছ থেকে বসতভিটা লিখে নেয় নায়েব। পাশাপাশি আরো তিন লক্ষাধিক টাকা পাওনা রয়েছে বলে নায়েব দাবি করে। এ টাকা আদায়ের জন্য সে সুব্রতকে ক্রমাগতভাবে চাপ দিয়ে আসছিল।
এরই এক পর্যায়ে বৃহস্পতিবার সকালে সুব্রতের কাছে থাকা নগদ কিছু টাকা কেড়ে নেয় নায়েব। শেষ সম্বল হিসাবে থাকা এই টাকা কেড়ে নেওয়ার এ ঘটনায় দিশেহারা হয়ে সুব্রত কীটনাশক পান করলে দুপুরে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে মারা যান।
স্থানীয় বাসিন্দা এনামুল হকসহ অন্যরা জানান, এই নায়েব আলীর সুদ কারবারের ফাঁদে পড়ে সঞ্জয় দাস, সনজিৎ দাস, বাবলু মোল্লা, ডাবলু মোল্লাসহ অন্তত ১৫ জন গত ৫ বছরে বসত বাড়িসহ সর্বস্ব হারিয়ে অন্যত্র চলে গেছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সুব্রতের স্ত্রী পূর্ণিমা প্রামাণিক থানায় লিখিত অভিযোগ দিয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে সুদ কারবারি নায়েবকে আটক করা হয়েছে।