মিয়ানমারের সঙ্গে আলোচনায় বসছে বাংলাদেশ

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরত পাঠাতে আগামী মাসে মিয়ানমারের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ মে মাসের ৩ তারিখ মিয়ানমারের রাজধানী নেইপিডোতে করণীয় ঠিক করতে আলোচনায় বসছে।

তবে এ বৈঠক সচিব পর্যায়ে হবে নাকি জ্যেষ্ঠ কূটনীতিক পর্যায়ে হবে সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারেননি আব্দুল মোমেন।

এদিকে গুঞ্জন আছে, কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জামিন নিয়ে শীঘ্রই লন্ডন যাবেন, এ বিষয়ে ব্রিটিশ হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু জানিয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

আব্দুল মোমেন বলেন, তার জামিন প্রসঙ্গে এখনো ক্লিয়ার হওয়ার মতো কিছু আসেনি, ফলে আমি কিছু জানি না।