শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় পানির পাম্প ভবনে ফাটল দেখা দিয়েছে। ভবনটি কিছুটা হেলেও পড়েছে। এলাকাবাসী বলেছে, ভবনটি ভেঙে ফেলা না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ধানুকা এলাকায় শরীয়তপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (পাবলিক হেলথ) পানির পাম্প ভবনটি তৈরি করে। পাঁচ মাস আগে এ ফাটল দেখা দেয়।
শরীয়তপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় ১০ একর জমির ওপর সরকারিভাবে একটি আবাসন প্রকল্প তৈরি করা হয়। সেখানে ২০১৬-১৭ অর্থবছরে শরীয়তপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে একটি পানির পাম্পও তৈরি করা হয়। মেসার্স হক ট্রেডার্সের স্বত্বাধিকারী ও চিকন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এনামুল হক মুনশি জানান, ‘পানির পাম্প ভবনটি আমার প্রতিষ্ঠানের নামে ঠিক আছে। কিন্তু কাজটি করেছে প্রগতি ট্রেডার্সের মালিক ফরিদ শেখ। বিষয়টি ফরিদের কাছ থেকে জেনে নিতে পারেন।’ শরীয়তপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এরশাদুজ্জামান মৃদুল বলেন, ‘পানির পাম্প ভবনটি ফেটে হেলে পড়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভবনটি ভেঙে নতুন করে তৈরির জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হক ট্রেডার্সকে চিঠি দিয়েছি।’