বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী অভিযোগ করেছেন, গতকাল বৃহস্পতিবার ইমিগ্রেশন পুলিশের বাধার কারণে ভারত যেতে পারেননি তিনি।
দুপুর ১টায় নভোএয়ারের একটি নিয়মিত ফ্লাইটে ভারত যাওয়ার কথা ছিল জানিয়ে দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘সে অনুযায়ী আমি সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাই। সোয়া ১১টায় ইমিগ্রেশন পুলিশের কাছে পাসপোর্ট জমা দিই। ১২টা ৫৫ মিনিটে ইমিগ্রেশন পুলিশ আমাকে জানায়, আমার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাই ওপরের নির্দেশে আমাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। পরে আমি বিমানবন্দর থেকে ফেরত আসি।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ এবং সাবেক প্রতিমন্ত্রী নিতাই চন্দ্র রায় চৌধুরীর মেয়ে নিপুণ দেশ রূপান্তরকে আরও বলেন, ‘ইমিগ্রেশন পুলিশ আমাকে সাজেস্ট করেছে ভবিষ্যতে দেশের বাইরে যেতে চাইলে হাইকোর্টের অনুমতি নিয়ে আসার জন্য। হাইকোর্টের অনুমতি না পেলে তারা আমাকে বিদেশ যেতে দিতে পারবেন না।’ তিনি বলেন, ‘ব্যক্তিগত সফরে সপরিবারে ভারতের কলকাতা যেতে চেয়েছিলাম। ২৩ এপ্রিল কলকাতা থেকে ঢাকায় ফেরার টিকিটও আমাদের ছিল।’