ঢাকার কেরানীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে শৈলী বেকারি অ্যান্ড দাদু কনফেকশনারি মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ নভেম্বর) আমীরাবাগের ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই ব্যবসা প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ। এ সময় বেকারিটির মেঝে, সিঁড়ি, দরজা-জানালা ও যন্ত্রপাতিতে ময়লার স্তর জমে থাকতে দেখা যায়।
অভিযানকালে কোনো ধরনের লেবেল ছাড়াই বিভিন্ন প্রকার কেক, বিস্কুট ও খাদ্য উপকরণ সংরক্ষণ করতে দেখা যায়। এ ছাড়া মজুত করা কালার পেস্ট ও ফুড কালারের ক্রয় ভাউচার দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। পাশাপাশি হালনাগাদ ফায়ার লাইসেন্স, পেস্ট কন্ট্রোলের প্রমাণপত্র এবং পানি পরীক্ষার সনদও দেখাতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ।
এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানে ঢাকা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সহায়ক কর্মী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিল।