আত্মীয়ের বাসা থেকে ফেরার পথে দিনাজপুর সদরে বাস-অটোরিকশার সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের চুনিয়াপাড়া এলাকার এ দুর্ঘটনায় নিহত হয়েছেন অটোচালকও। এদিন জয়পুরহাট সদর উপজেলার হেলকুণ্ডা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, পঞ্চগড়ের বোদায় বিআরটিসির বাসচাপায় মোটরসাইকেল আরোহী, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাজেরো গাড়িচাপায় দুই কিশোর ও ফেনীতে পৃথক দুর্ঘটনায় কিশোরসহ দুজন নিহত হন। প্রতিনিধিদের পাঠানো খবর :
দিনাজপুরের কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, সদর উপজেলার চুনিয়াপাড়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। নিহতরা হলেন আশরাফুল ইসলাম (৩২), মেয়ে আইভি ইসলাম (১০) ও অটোরিকশাচালক সাজদার খলিফা (৪৮)। দুর্ঘটনায় আহত আশরাফুলের বাবা আফসার আলীসহ (৭০) দুজনকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশরাফুলের বাড়ি নাটোরের বাগাতিপাড়ায়। সাজদার ঠিকানা পাওয়া যায়নি। ওসি আরও জানান, মেয়ে আইভি ও বাবা আফসারকে নিয়ে আশরাফুল তাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এদিকে এ দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ মহাসড়কে অভিযান চালিয়ে অটোরিকশা, ইজিবাইক ও নছিমনসহ চালকদের আটক করছে। হাইওয়ে পুলিশের এসআই ননী গোপাল দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের ৫১ কিলোমিটার এরিয়া দেখতে হয়, যা আমাদের কয়েকজনের জন্য বেশ কঠিন। একদিকে রাস্তায় অভিযান পরিচালনা করলে আরেকদিকে ইজিবাইক চালকরা মহাসড়কে নেমে পড়ে।’
বোদা থানার ওসি (তদন্ত) আবু সায়েম মিয়া জানান, উপজেলার বাইপাস এলাকায় বিআরটিসির বাসচাপায় মোটরসাইকেল চালক আবু সাঈদ (২৮) নিহত হন। গাইবান্ধার ফুলছড়ি এলাকার উদাখালী গ্রামের মনছুর আলীর ছেলে সাঈদ বোদা কাজী ফার্মস ফিডমিলের অ্যাসিসট্যান্ট চিফ ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, উপজেলার বেড়তলা এলাকায় পাজেরো গাড়ির চাপায় জেলা শহরের কাজিপাড়া বেপারীপাড়া এলাকার তুহিদ মিয়ার ছেলে নাহিদ (১৭) ও একই এলাকায় মুতুজ আলীর ছেলে পারভেজ (১৭) নিহত হয়। তিনি বলেন, বিশ্বরোড মোড় থেকে নাহিদ ও পারভেজ মোটরসাইকেলে করে আশুগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি ওভারটেক করতে গিয়ে সামনে থাকা পাজেরো গাড়ির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।
জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সদর উপজেলার হেলকু-া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাকিব (২৩) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। এ সময় তার দুই বন্ধু আহত হন। তারা জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল দুপুর ১২টার দিকে দাদির বাড়িতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। রাকিব শহরের বামনপুর এলাকার শাহিনের ছেলে।
ফেনীর দাগনভূঞা থানার ওসি সালেহ আহমেদ পাঠান জানান, গতকাল ভোরে উপজেলার মুক্তার বাড়ি দরজাসংলগ্ন কাশবন কমিউনিটি সেন্টারের সামনে অ্যাম্বুলেন্স-কাভার্ড ভ্যানের সংঘর্ষে অ্যাম্বুলেন্স হেলপার সাগর (১৫) নিহত হয়। সাগর উপজেলার মধ্যম চন্দ্রপুর এলাকার বরইয়া গ্রামের সুমনের ছেলে। আর মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মাহবুব আলম জানান, এদিন দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা এলাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।