সাতক্ষীরায় দাম্পত্য কলহের এক পর্যায়ে স্বামী-স্ত্রী একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইকবাল মাহমুদ জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর গ্রামের আরমান হোসেন (৩৫) ও তার স্ত্রী চম্পা খাতুনকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন চম্পা খাতুন জানান, দাম্পত্য কলহের এক পর্যায়ে তারা একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু কী নিয়ে দাম্পত্য কলহ সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে চম্পার বাবা নজরুল ইসলাম জানান, তার মেয়ে ও মেয়েজামাই দুজনই খুব অভিমানী। এ নিয়ে তাদের মধ্যে প্রায় দাম্পত্য কলহ হতো। তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকালে আরমান-চম্পা আমার বাড়িতে বেড়াতে আসে। দুপুরের দিকে বাসায় রাখা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়লে তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।’ এই দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে।