প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় চপেটাঘাত ও যৌন নিপীড়ন

রাজবাড়ী শহরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) চপেটাঘাত ও যৌন নিপীড়নের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শহর থেকে প্রাইভেট পরে বাড়ি ফেরার পথে শহরের এলজিইডি ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার গ্রেপ্তার হওয়া ফজলে রাব্বি শাকিলকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার জানান, চপেটাঘাত ও যৌন নিপীড়নের ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলো- শহরের শ্রীপুর গ্রামের অটোরিকশা চালক রহমত মোল্লার ছেলে মশিউর রহমান ওরফে মিথুন (২২), তার বন্ধু দীপংকর (২০) এবং শহরের সজ্জনকান্দা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফজলে রাব্বি শাকিল (২৩)।

মামলার বাদী ওই ছাত্রীর বাবা জানান, আসামিরা তার মেয়েকে প্রেম নিবেদন করে আসছিল। তার মেয়ে এতে রাজি না হওয়ায় আসামিরা ক্ষিপ্ত হয়। মেয়েটি স্কুলে যাওয়া আসার পথে তারা নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে। এরই ধারাবাহিকতায় গত বুধবার বিকেলে এলজিইডি ভবনের সামনে আসামিরা মেয়েটির পথরোধ করে পুনরায় প্রেমের প্রস্তাব দেয়। সে রাজি না হওয়ায় আসামিরা মেয়ের ওড়না ধরে টানা হিঁচড়া করে এবং মেয়ের মুখে চপেটাঘাত করে। এ সময় সে চিৎকার করলে আসামি মিথুন তার স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ভয়ভীতি দেখিয়ে চলে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই এনছের আলী বলেন, মশিউর রহমান ওরফে মিথুনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে অভিযান চালিয়ে ফজলে রাব্বিা শাকিলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।