দক্ষিণ আফ্রিকার উপকূলবর্তী প্রদেশ কাওজুলু নাটালে একটি চার্চের দেয়াল ধসে অন্তত ১৩ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে চার্চটির দেয়াল ধসে যায় বলে গতকাল শুক্রবারের প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
বিবিসি দেশটির জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে বলছে, চার্চ ধসে ১৩ জন নিহত ছাড়াও আহত আরও ২৯ জনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। খ্রিস্টীয় পর্ব উপলক্ষে গ্রাম্য যাজকের অর্ঘ্য দেওয়ার জন্য চার্চটি নির্মাণ করা হয়।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে প্রদেশের এমপাঙ্গেনি নামক শহরে অবস্থিত ওই চার্চটির দেয়াল ধসে পড়ে। তারা দেয়াল ধসের কারণ হিসেবে টানা ও ভারী বৃষ্টিকে দায়ী করছেন।
স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, যখন দেয়াল ধসের ঘটনাটি ঘটে, তখন অনেকে চার্চটির ভেতরে ঘুমাচ্ছিল। খ্রিস্টধর্মাবলম্বীদের ইস্টার সানডে উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে।
দেয়াল ধসে এত মানুষ হতাহতের ঘটনার পর শুক্রবার চার্চটির সামনে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়। গত বছর দেশটির প্রেসিডেন্ট ক্রিল রামাফোসা চার্চটি পরিদর্শনে যান। সে সময় নতুন আরেকটি চার্চ নির্মাণের জন্য তার কাছে সাহায্য চান অনেকে।