আনুষ্ঠানিকতা সারতে দোহার পথে পাঁচ অ্যাথলেট

২১ থেকে ২৪ এপ্রিল কাতারের দোহায় অনুষ্ঠিত হবে ২৩তম এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। এই আসরে অংশ নিতে গতকাল সন্ধ্যায় দোহার উদ্দেশে দেশত্যাগ করেছেন পাঁচ অ্যাথলেট। যদিও এই যাত্রায় বড় কোনো আশা সঙ্গী হচ্ছে না। বলতে গেলে আনুষ্ঠানিকতা সারতেই তারা যাচ্ছেন মহাদেশীয় এই আসরে।

দোহায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল, দ্রুততম মানবী শিরিন আক্তার, স্প্রিন্টার হাসান মিয়া, ৪০০ মিটার স্প্রিন্টার জহির রায়হান এবং স্প্রিন্টার সোহাগী আক্তার। আসরে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে খেলবেন ইসমাইল ও হাসান মিয়া। আর মেয়েদের ১০০ মিটারে শিরিন ছাড়াও খেলবেন সোহাগী আক্তার। সোহাগী মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টেও অংশ নেবেন। ফেডারেশন জানিয়েছে, এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে গত জানুয়ারি থেকে নিজ নিজ সংস্থার কোচের অধীনে অনুশীলন শুরু করেন অ্যাথলেটরা। গত ১০ মার্চ আট অ্যাথলেটকে নিয়ে এসএ গেমসের প্রস্তুতি শুরু হয়েছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে। তবে চলতি মাসের ৫ তারিখ ক্যাম্পটি বন্ধ হয়ে যায় অনির্দিষ্টকালের জন্য। দোহাগামী পাঁচ অ্যাথলেটের শেষ সময়ের প্রস্তুতিটা তাই হয়নি বলাই যায়। প্রস্তুতির ঘাটতি নিয়ে দোহার পথে থাকা অ্যাথলেটরা নিজেদের ক্যারিয়ারসেরা টাইমিংটা করতে পারবেন কি না তা নিয়েও থাকছে সংশয়।

ফেডারেশন সভাপতি এ এস এম আলী কবীর জানিয়েছেন, এসএ গেমসের ক্যাম্পটি শুরু করেও চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না গুরুত্বপূর্ণ ওই আসরকে সামনে রেখে কোনো সরকারি সহায়তা না পাওয়ায়। ১ থেকে ১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডু ও পোখরায় আসরটি হওয়ার কথা শোনা গেলেও এখন পর্যন্ত আয়োজক দেশ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে কিছুই জানানো হয়নি। ফলে এসএ গেমসের জন্য আর্থিক সহায়তাও মেলেনি সরকারের কাছ থেকে। আলী কবীর অবশ্য জানিয়েছেন, আর্থিক অনুদান পেলে তারা আবারও প্রস্তুতি ক্যাম্প শুরু করবেন।

এদিকে যাদের অধীনে এসএ গেমসের ক্যাম্প শুরু করেছিলেন অ্যাথলেটরা সেই দুই কোচ কিতাব আলী ও আবদুল্লাহ হেল কাফির স্থান হয়নি দলে। তাদের বদলে কোচ হিসেবে যাচ্ছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক ফরিদ খান চৌধুরী এবং ম্যানেজার হিসেবে যাচ্ছেন নির্বাহী সদস্য আবুল কালাম।

এই আসরের পাশাপাশি এশিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের কংগ্রেসও অনুষ্ঠিত হবে দোহায়। যাতে অংশ নিতে দলের সঙ্গী হয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু ও কোষাধ্যক্ষ জামাল হোসেন। ২০ এপ্রিল কংগ্রেসে এশিয়ার অন্য পাঁচটি দেশের সঙ্গে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি আলী কবীরকে দেওয়া হবে গালা অ্যাওয়ার্ড। যদিও সাবেক এই সচিব দীর্ঘ সময় দায়িত্বে থাকার পরও দেশের অ্যাথলেটিকসে তেমন কোনো উন্নতির ছোঁয়া লাগেনি। তার হয়ে পুরস্কার নেবেন সাধারণ সম্পাদক মন্টু। ২৪ এপ্রিল বাংলাদেশ দলের দেশে ফেরার কথা রয়েছে।