শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সের জেতার জন্য দরকার ছিল ২৪ রান। উইকেটে তখন ঝড় তোলা নীতিশ রানা আর আন্দ্রে রাসেল। ঠিক আগের ওভারেই শেষ তিন বলে তিন ছক্কা মেরে নন স্ট্রাইকিং এন্ডে তিনি। মঈন আলির করা ম্যাচের শেষ ওভারের প্রথম বলে কোনো রান হলো না। পরের বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক বদল করলেন রানা। মঈনের তৃতীয় বলে আবার ছক্কা মারলেন রাসেল। পরের বলে রান হলো না। কেকেআরের জেতার আশা তখনই শেষ। পঞ্চম বলে রান আউট হলেন রাসেল। ফলে অসাধারণ একটা ম্যাচ ১০ রানে জিতে আইপিএলের চলতি আসর থেকে ছিটকে যাওয়া কোনোমতে আটকাল রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
ইডেনে গতকাল প্রথমে ব্যাটিং করতে নেমে ঝড় তুলেছিলেন বিরাট কোহলি। মাত্র ৫৮ বলে সেঞ্চুরি করেন তিনি। ৯ বাউন্ডারি আর চারটি ছক্কা মেরে বুঝিয়ে দিয়েছেন বিশ্বকাপে তার ফর্ম নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ঝড় তোলেন মঈন আলিও। ৫ বাউন্ডারি আর ৬ ছক্কায় ২৮ বলে ৬৬ রান করেন তিনি। ফলে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ২১৩ রান করে আরসিবি। জবাব দিতে নেমে রাসেল ঝড়ের পরেও ৫ উইকেটে ২০৩ রান করতে সক্ষম হয় কলকাতা। ৯ ছক্কা আর ২ বাউন্ডারিতে ২৫ বলে ৬৫ রান করেন রাসেল। ৪৬ বলে ৮৫ রান করে অপরাজিত ছিলেন রানা।