মুরাদনগরে প্রবাসীর বাড়িতে ভাঙচুর-লুট

কুমিল্লার মুরাদনগরের বাখরনগর গ্রামে এক প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে ওই গ্রামের হাজি আবু হানিফের বাড়িতে এ সন্ত্রাসী হামলা হয়। আবু হানিফ দীর্ঘদিন সৌদি আরবপ্রবাসী। হামলার সময় নগদ অর্থসহ স্বর্ণালংকার লুটে নেওয়ার অভিযোগ করেছে পরিবার। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, বাখরনগর গ্রামের দক্ষিণপাড়ায় দেলোয়ার হোসেন ও আবুল হোসেন গ্রুপের লোকজনের মধ্যে পুকুরের মাটি কাটা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় উভয় গ্রুপের মাঝে সংঘর্ষ এবং পাল্টাপাল্টি মামলাও হয়।

বৃহস্পতিবার আবুল হোসেন গ্রুপের এজাহারনামীয় আসামি আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। এতে ক্ষুব্ধ আবুল হোসেন গ্রুপের লোকজন দেলোয়ার গ্রুপের কাউকে না পেয়ে ওই প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় প্রবাসীর মা এবং স্ত্রীর ওপরও হামলা হয়। স্থানীয় লোকজন জানায়, প্রবাসী আবু হানিফের পরিবার কোনো গ্রুপের সঙ্গে জড়িত নয়। মুরাদনগর থানার পরিদর্শক নাহিদ আহাম্মেদ বলেন, হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।