ভারতে চলমান লোকসভা নির্বাচনের মধ্যে উত্তর প্রদেশের হালসানা গ্রামের এক ভোটার ভুলবশত বিরোধী দল ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ায় নিজের হাতের একটি আঙুল কেটে ফেলেছেন। ভোটকেন্দ্রে ইভিএম মেশিনে দলীয় প্রতীক সংক্রান্ত জটিলতায় দলিত যুবক পবন কুমার ওই ভুল করেছেন বলে জানান তার ভাই। ভোট দেওয়া শেষ করে বাসায় ফিরে কাস্তে দিয়ে তিনি নিজের ডান হাতের তর্জনী কেটে ফেলেন। ইভিএম পদ্ধতিতে ভোট দিলেও ভোটদান শেষে নির্বাচনী কর্মকর্তারা ভোটারদের হাতের তর্জনীতে কালো কালি দিয়ে দেন, যাতে ওই ব্যক্তি পুনরায় ভোট দিতে না পারেন।
পবন কুমারের ভাই কৈলাস চন্দ্র এএফপিকে ফোনে জানান, ‘প্রথমবার ভোট দেওয়া নিয়ে আমার ভাই খুব উৎসাহী ছিল। কিন্তু নিজের ভুল বুঝতে পেরে সে এতটাই ক্ষিপ্ত হয় যে, যে আঙুলে কালি দিয়ে দেওয়া হয়েছিল, তা কেটে ফেলে।’
ওই ঘটনার পর পবন কুমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে অনুতাপ, নাকি কোনো চাপে পড়ে তিনি এ কাজ করেছেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এ নিয়ে অবশ্য তিনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।
পবন বলেন, তিনি বিএসপিকে ভোট দিতে চেয়েছিলেন। কিন্তু মেশিনে অনেক প্রতীক দেখে তিনি বিভ্রান্ত হয়ে যান এবং বিজেপিকে ভোট দিয়ে বসেন। নিজের কাটা তর্জনী দেখিয়ে বলেন, ‘আমি হাতিতে ভোট দিতে চেয়েছিলাম। কিন্তু ভুলে পদ্মফুলে ভোট দিয়ে ফেলি।’
ভারতের নিম্নবর্ণের হিন্দু সম্প্রদায় দলিতদের রাজনৈতিক ‘আইকন’ মায়াবতীর দল বহুজন সমাজ পার্টি (বিএসপি)। দলটি ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে অত্যন্ত প্রভাবশালী। মায়াবতী চারবার এই প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বিএসপির প্রতীক ‘হাতি’; বিজেপির প্রতীক ‘পদ্মফুল’।