টাকার জন্য ভাইকে অপহরণ!

ছোট ভাইকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে বড় ভাইসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের সামনে থেকে অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার এবং ওই তিনজনকে আটক করা হয়।

র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, নারায়ণগঞ্জ শহরের ভূইয়াপাড়া এলাকার মনির হোসেনের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলে ফাহাদ জামিল (১২) গত বুধবার সকালে স্কুলের উদ্দেশে বাসা থেকে বের হয়। সন্ধ্যায় বাসায় ফেরার কথা থাকলেও সে ফেরেনি। পরে সন্ধ্যা ৭টার দিকে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে ফাহাদের বাবার মোবাইলে ফোন আসে। ছেলেকে জীবিত ফেরত চাইলে রাত ৯টার মধ্যে তাকে ৬০ লাখ টাকা দিতে বলা হয়। বিষয়টি পুলিশকে জানালে ফাহাদকে খুন করে লাশ গুম করা হবে বলে নম্বরটি বন্ধ করে দেয় অপহরণকারীরা। এ ঘটনায় রাতেই ফাহাদের বড় ভাই মাছুম জামিল নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ করেন।

র‌্যাব কর্মকর্তা মোস্তাফিজ বলেন, পরে মোবাইল ফোন ট্র্যাক করে জানা যায় ফাহাদসহ অপহরণকারীরা প্রথমে ফতুল্লার লালপুর ও পরে মুন্সীগঞ্জ এলাকাতে যায়। পরবর্তী সময়ে র‌্যাব অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের সামনে থেকে ফাহাদকে উদ্ধার করে। এ সময় সেখান থেকে তার বড় ভাই মারুফ জামিল (৩০), সহযোগী সোহান (২৬) ও জিসানকে (৩০) আটক করা হয়। এ ঘটনায় তিনজনের নামে মামলা হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক মিজানুর রহমান।