সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোস্তফা কামাল (৩৩) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। উপজেলার পৌর সদরের ঘোষগাঁতী গ্রামে শনিবার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় আরও চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করেছে। নিহত মোস্তফা কামাল পৌর এলাকার কাওয়াক গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তার বিরুদ্ধে উল্লাপাড়া থানায় ১১টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আটক চার মাদক ব্যবসায়ী হলেন- উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাঁতী গ্রামের সাধণ চন্দ্র সাহার ছেলে সজীব কুমার সাহা ওরফে গণেশ (২৪), সঞ্জয় চন্দ্র সাহা (১৯), মৃত আব্দুস ছালামের ছেলে সনি আহমেদ (৩৫) ও বেলকুচি উপজেলার ক্ষিদ্র গোপরেখী গ্রামের সুলতানের ছেলে সেলিম রেজা (২৪)।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ জানান, উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাঁতী গ্রামে মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে সেখানে অভিযান চালানো হয়।
মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে পুলিশের গুলিতে শীর্ষ মাদক ব্যবসায়ী মোস্তফা কামালকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে বাকি বন্দুকধারীরা পালিয়ে যায়।
পরে সেখান থেকে মৃত অবস্থায় মোস্তফা কামালের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ছাড়া ঘটনাস্থল থেকে আরও চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকদের কাছ থেকে ২১ বোতল ফেনসিডিল ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, নিহত শীর্ষ মাদক ব্যবসায়ী মোস্তফা কামালের নামে ১১টি ও আটককৃতদের নামে উল্লাপাড়া থানায় একাধিক মামলা রয়েছে।