সামাজিক অপরাধ দমনে দ্রুত বিচার চান তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের এমপি তোফায়েল আহমেদ বলেছেন, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে এখন একটি মর্যাদাশীল দেশ হিসেবে গণ্য করা হয়। তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মর্যাদাবান নেতা হিসেবে সম্মানিত করা হয়। কিন্তু কিছু  দুর্বৃত্তের কারণে তার পরিশ্রম ও সফলতা ম্লান হতে দিতে পারি না। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে এগুলোকে দমন করতে হবে।

শনিবার সকালে ভোলা সদর হাসপাতাল চত্বরে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, অপরাধীকে মনে করতে হবে আমি অপরাধ করলে পার পাবো না। এই অনুভূতি যতক্ষণ না হবে ততক্ষণ এই অপরাধের হাত থেকে মানুষ মুক্তি পাবে না।

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিসহ একের পর এক ঘটে যাওয়া ঘটনা উল্লেখ করে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দ্রুত বিচার ট্রাইবুন্যালের মধ্য দিয়ে সামাজিক অবক্ষয় রোধ করার আহ্বান জানান।  

তিনি আরও জানান, সরকার সিদ্ধান্ত নিয়েছে কয়েক হাজার ডাক্তার নতুন করে নিয়োগ বেবে। যে পরিমাণ ডাক্তার থাকার কথা সেই পরিমাণ ডাক্তার নেই। যখন পর্যাপ্ত ডাক্তার এসে অসহায় দুস্থ মানুষদের সেবা প্রদান করবে। তখনই এই জাতীয় স্বাস্থ্যসেবা সফল হবে।

অনুষ্ঠানে ভোলা জেলা সিভিল সার্জনের সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুল মমিমন টুলু, পুলিশ সুপার মো. মোকতার হোসেন প্রমুখ।