আওয়ামী লীগ নেতার বাড়ি হামলা-ভাঙচুরের অভিযোগ

ঠাকুরগাঁও উপজেলার সালন্দর ইউনিয়নে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে ইউনিয়নের মধ্য সিংপাড়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তাহুর বাড়িতে এ ঘটনা ঘটে।

তাহেরুল ইসলাম তাহু বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে মধ্য সিংপাড়া গ্রামের ইয়াসিন আলীর বাড়িতে চুরি হয়। ঘরের ভেতরে থাকা আলমারি ভেঙে ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা মোগর আলী নামে একজনকে আটক করে। পরে স্থানীয় চেয়ারম্যান মাহবুব আলম মুকুল ও পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে চোর মোগর আলীকে আটক করে থানায় নিয়ে যায়।

আওয়ামী লীগ নেতা তাহেরুল ইসলাম তাহু অভিযোগ করে বলেন, আটক মোগর আলীকে থানায় দেওয়ার কারণে তার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শুক্রবার রাত ৮টার দিকে আমার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা আমার বাড়ির মালামাল ভাঙচুর করে পালিয়ে যায়।

ইয়াসিন আলী বলেন, বৃহস্পতিবার রাতে একদল চোর আমার ঘরে প্রবেশ করে ২০ হাজার টাকা নিয়ে যাওয়ার সময় মোগর আলীকে আটক করা হয়। পরে তাকে পুলিশে দেওয়া হয়।

সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, ঘটনাটি আমি শুনেছি, তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে উভয় পক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মাহবুব আলম মুকুল।