আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয়ে বন্দুক হামলা

আফগানিস্তানের রাজধানীতে অবস্থিত তথ্য মন্ত্রণালয় ভবনে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় পৌনে ১২টার দিকে গুলির শব্দ পাওয়া যায় বলে জানিয়েছে বিবিসি। খবরে বলা হয়েছে, বেশ কিছু সময় ধরে গোলাগুলি চলতে থাকে।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, কমপক্ষে তিনজন বন্দুকধারীকে তিনি দেখতে পেয়েছেন। এর মধ্যে একজন ভবনের ভেতর ঢুকে পড়ে।

আফগানিস্তান সরকারের সঙ্গে তালেবানদের শান্তি আলোচনা বাতিল হওয়ার একদিন বাদে এই ঘটনা ঘটল। তবে তালেবান এই হামলার কথা অস্বীকার করেছে। অন্য কোনো সংগঠনও এখনো পর্যন্ত দায় স্বীকার করেনি।

ঘটনাস্থলটি আফগানিস্তানের জনবহুল এলাকা। এই মন্ত্রণালয়ের আশপাশে আরও কয়েকটি মন্ত্রণালয় রয়েছে। রয়েছে নামীদামি কয়েকটি হোটেল।

সম্প্রতি তালেবানের সঙ্গে আফগানিস্তান সরকারের শান্তি আলোচনা ঘিরে দেশটিতে যুদ্ধাবস্থার ইতি ঘটার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। কিন্তু এই ঘটনার কারণে পরিস্থিতি এখন কোন দিকে যায়, সেটাই দেখার।

সে দেশের ১৪টি জেলা বা পুরো দেশের প্রায় চার শতাংশ তালেবানের নিয়ন্ত্রণে। আরও শতাধিক জেলায় তাদের সক্রিয় উপস্থিতি আছে।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের হামলার মুখে তালেবানের পতন হলেও তারা নিশ্চিহ্ন হয়নি। বরং সাম্প্রতিক বছরগুলোয় পুনরুত্থান ঘটেছে।