অনেক দিন ধরে নতুন সিনেমার তেমন কোনো খবর নেই। এ কারণে দর্শকরাও অনেকটা হতাশ। তবে এ হতাশা কিছুটা হলেও দূর হওয়ার মতো একটি ঘটনা ঘটতে যাচ্ছে অচিরেই। সিনেমাপ্রেমী দর্শকের জন্য নতুন খবর হলো, গতকাল শনিবার থেকে নেপালে তিন সিনেমার শ্যুটিং শুরু হয়েছে। আর এই তিন সিনেমায় অভিনয় করবেন অরুণা বিশ্বাস, মৌসুমী হামিদ, ইমন, অধরা খান, শিপন মিত্র, সাইফ খান ও মিষ্টি মারিয়া। সিনেমা তিনটি পরিচালনা করছেন আমীরুল ইসলাম, শহীদুল আলম সাচ্চু ও গিতালী হাসান। সিনেমাগুলো প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। আর এ সিনেমাগুলোর কাহিনী ও চিত্রনাট্য করেছেন দর্শকপ্রিয় নির্মাতা অরুণ চৌধুরী। আগামী ৫ মে পর্যন্ত নেপালে এসব সিনেমার শ্যুটিং হবে। প্রতিটি সিনেমার গল্প রোমান্টিক। নেপালের পর বাংলাদেশে সিনেমাগুলোর বাকি কাজ হবে। এর মধ্যে একটি হচ্ছে আমীরুল ইসলাম পরিচালিত সিনেমা ‘আলো আমার আলো’। এতে অভিনয় করবেন অরুণা বিশ্বাস, সাইফ খান ও মিষ্টি মারিয়া। এই সিনেমার বিষয়ে অরুণা বিশ্বাস বলেন, ‘আলো আমার আলো’ সিনেমাটির কাহিনী লিখেছেন অরুণ চৌধুরী। দারুণ একটি গল্প। এখানে আমাকে মূল চরিত্রে দর্শকরা দেখতে পাবেন। কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী। শহীদুল আলম সাচ্চু পরিচালিত সিনেমার নাম ‘ভালোবাসার উত্তাপ’। এ সিনেমায় অভিনয় করবেন ইমন ও অধরা খান। এটি নিয়ে অধরা খান বলেন, সিনেমার কাহিনী হাতে পেয়েছি। দারুণ একটি কাহিনী। ভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে যাচ্ছি। এর বেশি কিছু এখন বলতে চাই না। আমি কাজটি ভালোভাবে শেষ করতে চাই। সিনেমার শ্যুটিংয়ে নেপালে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এখন। আর গিতালী হাসান পরিচালিত আরেকটি সিনেমার নাম ‘মানুষ মহাজন’। এ সিনেমায় অভিনয় করবেন মৌসুমী হামিদ ও শিপন মিত্র। এই সিনেমাটি নিয়ে শিপন বলেন, অনেক দিন পর ভালো একটি গল্প হাতে পেলাম। আমি নিশ্চিত, এ সিনেমাটির কাহিনী দর্শকরা পছন্দ করবেন। ভিন্ন গল্পের এ সিনেমায় আমাকে নতুনভাবে দর্শকরা দেখতে পাবেন। আমি কাজটি নিয়ে বেশ আশাবাদী। আগামী কোরবানি ঈদে সিনেমাগুলো মুক্তি পাবে বলে জানা যায়।