পিরোজপুরের নাজিরপুরে কালিগঙ্গা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতুর উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম। গত শুক্রবার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে এ সেতুর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আকতার প্রমুখ।
পিরোজপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়নে উপজেলার নাজিরপুর-বৈঠাকাটা সড়কের কালিগঙ্গা নদীর ওপর ৩৭ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য ৩৬০ মিটার ও প্রস্থ ৮.৪ মিটার। ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি সেতুর নির্মাণকাজ শুরু হয়। সেতুটি নির্মিত হওয়ায় নাজিরপুর উপজেলা সদরের সঙ্গে দীর্ঘা, মালিখালী, দেউলবাড়ী ও কলারদোয়ানিয়া ইউনিয়নসহ পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভা এবং বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ও বিশারকান্দি ইউনিয়নের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হয়েছে।