স্কুলছাত্র আরাফাত হোসেন শুভ (১৪) হত্যায় জড়িতদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার দুপুরে ফেনীর ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও নানা পেশার মানুষ অংশ নেয়।
আরাফাতের মা খোদেজা আক্তার স্বপ্না ছাড়াও মানববন্ধনে পৌর মেয়র হাজি আলাউদ্দিন, জেলা পরিষদের সদস্য জেলা আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক লিটন, শান্তিনিকেতন স্কুল পরিচালনা কমিটির সভাপতি কেবিএম জাহাঙ্গীর আলম, জজ কোর্টের আইনজীবী সমির চন্দ্র কর, জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল আহাম্মদ হাজারী উপস্থিত ছিলেন।
গত ৩১ মার্চ বিকেলে নিখোঁজ হয় দক্ষিণ কাশিমপুর এলাকার সৌদিপ্রবাসী ইমাম হোসেনের ছেলে আরাফাত। সাত দিন পর মাথিয়ারা এলাকার একটি ডোবা থেকে পুলিশ তার গলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় খাদিজা বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে উল্লেখ করে মামলা করেন। জড়িত সন্দেহে পুলিশ তার সহপাঠী ইসমাইল হোসেন ইমনকে ওই দিনই আটক করে। পরে গত মঙ্গলবার ফেনী সদর আমলি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ইমন জানায়, একটি মেয়ের মোবাইল নম্বর নিয়ে বাগ্বিতণ্ডার জেরে শুভকে সে হত্যা করে।