শ্রীলঙ্কায় ইস্টার সানডের প্রার্থনায় সিরিজ বোমা হামলা, নিহত ৪২

শ্রীলঙ্কায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনা চলাকালে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

রয়টার্স জানায়, রোববার দুটি গির্জা এবং দুটি হোটেলে ছয়টির মতো বিস্ফোরণ ঘটেছে।

বিস্ফোরণে হতাহতের একেক পরিসংখান দিচ্ছে সংবাদমাধ্যমগুলো। তবে বহু হতাহতের আশঙ্কার কথা জানানো হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪২ জন। এখন পর্যন্ত ২৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী কলম্বো ও আশপাশের এলাকায় চালানো হয়েছে এ সিরিজ হামলা। বিস্ফোরণের লক্ষ্যবস্তু ছিল কোচিকারে, কাটুয়াপিটিয়া, বাত্তিকালোয়া গির্জা।

এছাড়া শহরের সাংগ্রি লা, কিংসবারি এবং সিনামন গ্র্যান্ড হোটেলেও বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, দ্রুত ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হচ্ছে। হাসপাতালে ভর্তি বেশির ভাগ মানুষের অবস্থা আশঙ্কাজনক।

এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।