খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনা চলাকালে শ্রীলঙ্কাজুড়ে ভয়াবহ সিরিজ বোমা হামলার হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন তারকা ক্রিকেটাররা।
রোববার সকালে খ্রিস্টান ধর্মালম্বীদের প্রার্থনার সময় শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ একসঙ্গে ছয়টি স্থানে বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এতে প্রাণহানি ঘটে শতাধিক মানুষের; আহত হয় আরও অনেকে। সবশেষ খবর অনুযায়ী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬। আহত কয়েকশো।
২০০৯ সালে এলটিটিইর বিরুদ্ধে সরকারি বাহিনীর রক্তক্ষয়ী হামলার পর শ্রীলঙ্কার ইতিহাসে এটাই সবচেয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা।
বিশ্বকে নাড়িয়ে দেওয়া সন্ত্রাসী হামলা শোকাহত ক্রিকেট বিশ্বও। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। এক টুইটে তিনি লিখেছেন, “শ্রীলঙ্কায় সবার জন্য এটা অনেক শোকের দিন। ১০ বছর পর আমরা আবার নিরীহ লোকজনের উপর ভয়াবহ হামলা দেখলাম। শোক জানাচ্ছি; যারা প্রাণ হারিয়েছে তাদের জন্য প্রার্থনা। আমাদের এখন ঐক্যবদ্ধ ও শান্ত্ব থাকতে হবে।”
শোক জানিয়ে টুইট করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি, “শ্রীলঙ্কার এই খবরে স্তম্ভিত। বিয়োগান্তক এই ঘটনার শিকার সবার জন্য প্রার্থনা।”
শ্রীলঙ্কার এই ঘটনায় টুইটে টিম ইন্ডিয়ার অধিনায়ক শিখর ধাওয়ান লিখেছেন, “প্রিয় মানুষ হারানো পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা। কী ভয়াবহ কাজ! খুবই শোকাগ্রস্ত।”
রোহিত শর্মা লিখেছেন, “শ্রীলঙ্কার জন্য প্রার্থনা। কী সুন্দর একটি দেশ।”
টুইট করেছেন ভারতের টেনিস সেনশেসন সানিয়া মির্জাও। টুইটে তিনি লিখেছেন- “বিশ্বে এসব কী ঘটছে। আমাদের সবাইকে ঈশ্বর রক্ষা করুন।”