সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দুই স্কুলছাত্রীকে পাচারকালে তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে পাচারের উদ্দেশ্যে অপহরণকৃত দুই ছাত্রীকে।
রোববার রাতে শ্যামনগর বাস স্ট্যান্ড এলাকা থেকে তিন পাচারকারীকে আটক ও দুই ছাত্রীকে উদ্ধার করা হয়। সোমবার দুপুরে পুলিশ ঘটনার বিস্তারিত জানায়।
আটক পাচারকারীরা হলেন-উপজেলার নাপিতখালি গ্রামের রুহুল আমীন গাইনের ছেলে আমিনুর রহমান, হজরত গাজীর ছেলে শাহাদত গাজী ও তার বোন করুণা বেগম।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা গাবুরা ইউনিয়নের বাসিন্দা। এদের মধ্যে একজন স্থানীয় আলিম মাদ্রাসার অষ্টম ও আরেকজন নাপিতখালী প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী।
মাদ্রাসা ছাত্রীর মা জানান, অপহরণের পর তার মেয়ে বাড়িতে ফোন করে কান্নাকাটি করে বলে, আমাকে বিক্রি করে দিচ্ছে। তোমরা আমাকে বাঁচাও। এরপর তার কাছ থেকে ফোন কেড়ে নেওয়া হয়। পরে তার সঙ্গে আমরা আর যোগাযোগ করতে পারিনি।
তিনি আরও জানান, শুক্রবার বিকেলে তাদের ফুসলিয়ে বাড়ি থেকে নিয়ে যায় করুণা বেগম।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা বলেন, রোববার রাতে পাচারের উদ্দেশ্যে শ্যামনগর ছেড়ে যাওয়ার সময় শ্যামনগর বাস টার্মিনাল এলাকা থেকে তিন পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় দুই স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।
তিনি বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। কীভাবে আর কোথায় তাদের নিয়ে যাওয়া হচ্ছিল সেটি এখনো জানা যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।