স্বপ্নাকে আরো মনোযোগী হওয়ার পরামর্শ কোচের

সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে হারিয়ে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। ম্যাচের প্রথমটি আসে সিরাত জাহান স্বপ্নার পা থেকে। তবে এদিন নিশ্চিত দুটি সুযোগও হাত ছাড়া করেছেন তিনি। যে কারণে সমালোচিতও হতে হচ্ছে থাকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ গোলাম রব্বানী ছোটন বললেন, স্বপ্নাকে আরো মনোযোগী হতে হবে।

সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটেই গোল আদায় করেন স্বপ্না। ৩০ মিনিটে দ্বিতীয় গোলটি আসে কৃষ্ণা রানী সরকারের হেড থেকে। পুরো সময় প্রাধান্য বিস্তার করে খেললেও এরপর আর গোল পায়নি বাংলাদেশ। একের পর এক সুযোগ হাতছাড়া করেছে স্বাগতিকেরা। স্বপ্না দুই অর্ধে নিশ্চিত দুটি গোল করতে ব্যর্থ হন। প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে ওয়ান ওয়ান পজিশনেও দৃষ্টিকটুভাবে সুযোগ হাতছাড়া করেন তিনি।

ম্যাচ শেষে বাংলাদেশ কোচ ছোটন বললেন, ‘‘স্বপ্না আরও গোল পেতে পারত। সে ‍দুটি সহজ সুযোগ হাত ছাড়া করেছে। সে যদি আরো মনোযোগী হতো তাহলে তার হ্যাটট্রিক হতো। আমি মনে করি মনোযোগ আরও বাড়াতে হবে, ফিনিশিং আরও ভালোভাবে করতে হবে।’’

ফিনিশিং লাইনে কেন বাংলাদেশের মেয়েরা এত ভুল করছে এমন প্রশ্নে ছোটন বলেন, ‘‘ওই পরিস্থিতিতে খেলোয়াড় কি করবে সেটা তো বাইরে থেকে নির্দেশনা দেওয়া সম্ভব না। ওয়ান টু ওয়ান গতকালও অনুশীলন হয়েছে। দূর থেকে শট নেওয়ার অনুশীলন হয়েছে। ওই মুহূর্তে খেলোয়াড় কি করবে সেটি সেই সিদ্ধান্তই নেবে।’’

তবে সংবাদমাধ্যমের নানা অভিযোগের পরও ছোটন বললেন বাংলাদেশের মেয়েরা ভালো খেলেছে ম্যাচে, ‘‘তারা যথেষ্ট ওপেন করেছে। তারা ৯০ মিনিট খেলার মধ্যে ছিল। মেয়েরা ডমিনেট করেছে প্রতিপক্ষকে। আরব আমিরাত খেলা থেকে যাতে রেস্ট পায় সে কারণে সময় নষ্ট করেছে।’’

‘‘ম্যাচের একটাই দুর্বলতা- ফিনিশিং। যা আরও ভালো হতে পারত। তবে আমি হতাশ নই। এখন আমরা পরের ম্যাচে নজর দিচ্ছি।’’

শুক্রবার গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।