‘গায়ে বোমা বেঁধে রাহুলকে অন্য দেশে পাঠিয়ে দিন’

লোকসভা নির্বাচন ঘিরে ভারতে রাজনৈতিক বিতর্ক এখন তুঙ্গে। ব্যক্তি থেকে সাম্প্রদায়িক মন্তব্য- কখনো কখনো সেটা রাজনৈতিক শিষ্টাচারকেও ছাড়িয়ে যাচ্ছে।

এবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর গায়ে বোমা বেঁধে তাঁকে অন্য দেশে পাঠানোর কথা বলে বিতর্কে মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক পঙ্কজা মুণ্ডে।

আনন্দবাজার জানায়, প্রয়াত বিজেপি নেতা পোগীনাথ মুণ্ডের মেয়ে পঙ্কজা মুণ্ডে রোববার মহারাষ্ট্রের জালনায় এক সভায় বলেন, “কংগ্রেস শুধু সার্জিকাল স্ট্রাইকের প্রমাণ চায়। রাহুলের গায়ে বোমা বেঁধে অন্য দেশে পাঠিয়ে দিন।”

মুণ্ডের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে কংগ্রেস। দলের মুখপাত্র সচিন সবন্ত বলেছেন, “বিজেপি নেতাদের সংকীর্ণ চিন্তাভাবনা ফের প্রকাশ্যে এলো।”

তিনি বলেন, “যারা হেমন্ত কারকারেকে রাষ্ট্রদ্রোহী বলতে পারেন, তাদের কাছ থেকে এটাই প্রাপ্য।’’

কিছুদিন আগেই পঙ্কজা মুণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। যেখানে তাকে বলতে শোনা গিয়েছিল, বিজেপি ফের ক্ষমতায় এলে সংবিধানই বদলে দেবেন তারা!

বোন তথা বিজেপি প্রার্থী প্রীতম মুণ্ডের প্রচারে পঙ্কজা বলেন, “আমাদের সংবিধান বদল করতে হবে। নতুন বিল আনতে হবে। পরিবর্তন করতে হবে। আর তার জন্য লোকসভায় একজন যোগ্য লোক পাঠাতে হবে।”